গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল পুরস্কার প্রাপ্তির ২০ বছর পূর্তি উপলক্ষে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস-কে সংবর্ধনা দিয়েছে গ্রামীণ ব্যাংক। রাজধানীর মিরপুরে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।
রোববার আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের বর্তমান ও সাবেক কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্টরা অংশ নেন। সকাল সাড়ে ১১টার দিকে ড. ইউনূস সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে এক টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রামীণ ব্যাংকের শুরুর দিনের অভিজ্ঞতা তুলে ধরেন। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস থেকেই ক্ষুদ্রঋণের ধারণা বাস্তবে রূপ নেয় বলে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের জোবরা গ্রামে স্বল্প অঙ্কের ঋণ দিয়ে নারীদের কর্মসংস্থানের উদ্যোগই পরবর্তীতে একটি বৃহৎ সামাজিক আন্দোলনে পরিণত হয় বলে জানান তিনি।
ড. ইউনূস বলেন, এই উদ্যোগ গ্রামের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করেছে, পাশাপাশি তাদের সামাজিক অবস্থানও শক্তিশালী করেছে। শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে। অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ ছাড়ার পর এই প্রথমবারের মতো গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে যান ড. ইউনূস। সফরকালে তিনি সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তিনি গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, পুরোনো স্মৃতি রোমন্থন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

