দেশের ব্যাংকিং খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে প্রাইম ব্যাংক। ট্রেজারি বন্ডের বিপরীতে ভোক্তা ঋণ প্রদান করে ব্যাংকটি বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি সেবা চালু করেছে।
কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে গত ২ এপ্রিল সন্ধ্যায় নির্দেশনা পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেয় প্রাইম ব্যাংক। পরদিন সকালেই প্রথম ঋণ বিতরণ সম্পন্ন করে তারা, যা ব্যাংকটির কার্যক্রমের দক্ষতা ও সমন্বয় সক্ষমতার প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই সেবার মাধ্যমে গ্রাহকেরা তাদের ট্রেজারি বন্ড বিক্রি না করেই সেগুলোর বিপরীতে ঋণ নিতে পারবেন। ফলে বিনিয়োগ অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করা সম্ভব হবে।
এই উদ্যোগ বাস্তবায়নে ব্যাংকের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করেছে। বিশেষ করে গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ (CAD), ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (CRM) এবং ওয়েলথ ম্যানেজমেন্ট টিমের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত ঋণ অনুমোদন ও বিতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী বলেন, “নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থেকে নতুন উদ্ভাবনী সেবা চালুর সক্ষমতা আমরা দেখাতে পেরেছি। গ্রাহকদের জন্য আরও সহজ, নমনীয় ও কার্যকর আর্থিক সমাধান দেওয়াই আমাদের লক্ষ্য।” ব্যাংকটি মনে করছে, এই উদ্যোগ দেশের আর্থিক খাতে উদ্ভাবনের নতুন মানদণ্ড স্থাপন করবে এবং গ্রাহককেন্দ্রিক আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ভূমিকা রাখবে।

