চলতি বছরের প্রথম তিন মাসে উল্লেখযোগ্য আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংক এশিয়া। এ সময়ে ব্যাংকটির আমানত বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা, যা গ্রাহক আস্থা বৃদ্ধির প্রতিফলন বলে দাবি কর্তৃপক্ষের।
জানুয়ারি থেকে মার্চ—এই তিন মাসে ব্যাংক এশিয়ার আমানতে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি। এই সাফল্য উদ্যাপন করতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্যাংক সূত্রে জানা গেছে, মার্চ শেষে ব্যাংক এশিয়ার মোট আমানত প্রায় অর্ধলক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ এসেছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), এজেন্ট ব্যাংকিং এবং ব্যক্তি গ্রাহকদের কাছ থেকে। বাকি ২৫ শতাংশ আমানত এসেছে প্রাতিষ্ঠানিক খাত থেকে।
ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, প্রথম প্রান্তিকে দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে প্রকৃত আমানত প্রবৃদ্ধির দিক থেকে ব্যাংক এশিয়া এগিয়ে রয়েছে। এই সময়ের মোট প্রবৃদ্ধির ৫৬ শতাংশ এসেছে এসএমই, এজেন্ট ব্যাংকিং ও ব্যক্তি খাত থেকে, আর ৪৪ শতাংশ এসেছে প্রাতিষ্ঠানিক আমানত থেকে।
তিনি আরও বলেন, ব্যাংকের আমানত কোনো একক খাতের ওপর নির্ভরশীল নয়। ফলে আমানতের প্রবাহে বড় ধরনের ওঠানামা কম হয় এবং স্থিতিশীলতা বজায় থাকে। ব্যাংকটির মতে, বহুমুখী উৎস থেকে আমানত সংগ্রহ এবং গ্রাহকভিত্তি সম্প্রসারণই এই প্রবৃদ্ধির মূল কারণ।

