দেশের কেন্দ্রীয় ব্যাংক নতুন একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক বিজনেস কনটিনিউটি ইনস্টিটিউট (বিসিআই)-এর কর্পোরেট সদস্যপদ অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই সদস্যপদ পাওয়াকে ব্যাংকটির কার্যক্রম আধুনিকায়ন ও শক্তিশালী করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে কার্যক্রমের ধারাবাহিকতা, স্থিতিশীলতা এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াতে এটি সহায়ক হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বর্তমানে তাদের বিজনেস কনটিনিউটি প্ল্যান (বিসিপি) ভার্সন ২.০ বাস্তবায়ন করছে। নতুন এই সদস্যপদ সেই উদ্যোগকে আরও কার্যকর করবে। এর ফলে যেকোনো সংকট বা জরুরি পরিস্থিতিতেও ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়বে।
বিসিআই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। এটি ব্যবসা পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সংকট মোকাবিলায় বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে। এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ায় বাংলাদেশ ব্যাংক এখন বৈশ্বিক জ্ঞান, আধুনিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবে।
এছাড়া এই সদস্যপদ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, গবেষণা কার্যক্রম, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ে নতুন সুযোগ তৈরি করবে। পেশাগত সক্ষমতা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার হবে।
সব মিলিয়ে, এই অর্জন দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

