চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে দেশে নতুন করে প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বুধবার প্রকাশিত “বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট” প্রতিবেদনের এপ্রিল সংস্করণে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অর্থনীতিবিদরা বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে, যা দারিদ্র্য বৃদ্ধির অন্যতম কারণ।
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতি একাধিক চাপের মধ্যে রয়েছে। টানা তিন বছর প্রবৃদ্ধির গতি কমেছে, পাশাপাশি বেড়েছে দারিদ্র্যের হার। ২০২২ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, তা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ২১.৪ শতাংশে। শুধু ২০২৫ সালেই নতুন করে প্রায় ১৪ লাখ মানুষ দরিদ্র শ্রেণিতে যুক্ত হয়েছে।
বিশ্লেষণে বলা হয়, মূল্যস্ফীতি বৃদ্ধি, কম মজুরি এবং কর্মসংস্থানের ধীরগতি—এই তিনটি বিষয় দারিদ্র্য বাড়ার প্রধান কারণ। তবে বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২০২৮ সালের মধ্যে দারিদ্র্যের হার কিছুটা কমে ১৯.৩ শতাংশে নামতে পারে।
বিশ্বব্যাংক আরও উল্লেখ করেছে, দেশের ব্যাংকিং খাতের চাপ, দুর্বল রাজস্ব আদায় এবং বেসরকারি বিনিয়োগে স্থবিরতা অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক অনিশ্চয়তা।
সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে জ্বালানি ব্যয় বাড়বে, ভর্তুকির চাপ বাড়বে এবং আমদানি খরচ বেড়ে যাবে। একই সঙ্গে রপ্তানি আয় ও প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সীমিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কঠোর মুদ্রানীতি এবং দুর্বল আর্থিক খাতের কারণে দীর্ঘমেয়াদি ধাক্কা মোকাবিলায় সক্ষমতা কমে যাচ্ছে।
তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার এগোলে অর্থনীতি পুনরুদ্ধারের সুযোগ রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। অন্যদিকে, মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। বর্তমানে দেশে মূল্যস্ফীতি প্রায় সাড়ে ৮ শতাংশের কাছাকাছি রয়েছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বেশি, যা নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমিয়ে দিচ্ছে।সব মিলিয়ে, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে স্বল্পমেয়াদে কার্যকর নীতি পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদে কাঠামোগত সংস্কার জরুরি বলে মনে করছে বিশ্বব্যাংক।

