বাংলাদেশে কার্যরত পাকিস্তানের ব্যাংক আলফালাহ্ লিমিটেডের সম্পদ ও দায় অধিগ্রহণ করতে যাচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি। এ লক্ষ্যে আজ (রোববার) বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকে শেয়ারহোল্ডারদের সম্মতি নিচ্ছে ব্যাংকটি।
ডিএসই সূত্রে জানা গেছে, এই অধিগ্রহণ পরিকল্পনা বাস্তবায়নে এর আগে পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দেয়। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়। আজকের ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি মিললে চুক্তির পরবর্তী ধাপ এগোবে।
অন্যদিকে, ব্যাংক আলফালাহ্ ইতোমধ্যে তাদের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাংলাদেশে থাকা কার্যক্রম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেছে। প্রায় ৫৮০ কোটি টাকার বিনিময়ে এ সম্পদ ও দায় হস্তান্তরের বিষয়ে সম্মতি দেয়া হয়েছে, যা ডলারে আনুমানিক ৪ কোটি ৭৫ লাখ। তবে চূড়ান্ত একীভূতকরণের সময় প্রযোজ্য আইন অনুযায়ী কিছু সমন্বয় হতে পারে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।
ব্যাংক এশিয়া অতীতে বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে তাদের ব্যবসা বিস্তার করেছে। প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে তারা বাজারে অবস্থান শক্ত করেছে। আর্থিক অবস্থার দিক থেকেও ব্যাংকটি সাম্প্রতিক সময়ে উন্নতি দেখিয়েছে। ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়ে ২ টাকা ৫৮ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ২৮ পয়সা।
২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি, যার অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক বোনাস শেয়ার হিসেবে দেয়া হয়। এর আগের বছরগুলোতেও ধারাবাহিকভাবে লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ব্যাংক এশিয়ার শেয়ারের দাম ২২ টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা ৬০ পয়সা থেকে প্রায় ২৪ টাকার মধ্যে ওঠানামা করেছে। বিশ্লেষকদের মতে, এই অধিগ্রহণ সম্পন্ন হলে ব্যাংক এশিয়ার কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী হতে পারে।

