ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে দেড় মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, সোমবার (১৩ এপ্রিল) থেকে আগামী ৩০ মে পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। একই বৈঠকে ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।
ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণত কোনো ব্যবস্থাপনা পরিচালককে অপসারণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন চায়। তবে এ ক্ষেত্রে আগেই এমডিকে সরানোর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল।
আরেক কর্মকর্তা বলেন, এমডি মো. ওমর ফারুক খান আগে শারীরিক অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটির আবেদন করেছিলেন, যা ২৮ এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেই ছুটির সঙ্গে অতিরিক্ত সময় যোগ করে এখন তাকে ১৩ এপ্রিল থেকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যা চলবে ৩০ মে পর্যন্ত।
ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যখন এমডির নেতৃত্বে ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছিল। গ্রাহকের আস্থা, রেমিট্যান্স প্রবাহ ও আমানত—সব ক্ষেত্রেই উন্নতির ধারা লক্ষ্য করা যাচ্ছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু ব্যাংকের প্রতি আস্থা কমে যাওয়ার প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের প্রতি আস্থা ফেরাতে তিনি ভূমিকা রাখছিলেন বলে দাবি করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। এতে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক এস এম আব্দুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান এবং কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

