বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মাত্র ১৫ দিনের ব্যবধানে রিজার্ভ প্রায় এক বিলিয়ন ডলার বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গতকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবপদ্ধতি অনুযায়ী ২০২৫ সালের ২২ ডিসেম্বর দেশের গ্রস রিজার্ভ ছিল ২৮ দশমিক ০৪ বিলিয়ন ডলার। সেখান থেকে বর্তমানে তা বেড়ে ২৯ দশমিক ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, মূলত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনার কারণেই রিজার্ভে এই প্রবৃদ্ধি এসেছে। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ফলে ব্যাংকিং ব্যবস্থায় ডলারের সরবরাহ আগের তুলনায় বেশি। বাজারে ডলারের দাম যাতে অতিরিক্ত কমে না যায়, সে জন্য কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত মোট ৩ দশমিক ৫৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে। এর ধারাবাহিকতায় নতুন বছর ২০২৬ সালের জানুয়ারি মাসেই কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে।
এই পরিস্থিতিকে বৈদেশিক মুদ্রা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

