Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানিতে নজিরবিহীন উত্থান
    বাণিজ্য

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানিতে নজিরবিহীন উত্থান

    মনিরুজ্জামানএপ্রিল 1, 2026Updated:এপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৫ সালে বাংলাদেশের ডেনিম রপ্তানি নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগীদের তুলনায় অনেক এগিয়ে বাংলাদেশ তার অবস্থান আরও শক্তিশালী করেছে।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীনে দ্য অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ডেনিম রপ্তানি ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫৫.৭ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগের বছর এই পরিমাণ ছিল ৭১২.৮৭ মিলিয়ন ডলার।

    সেই বছর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে মোট ৩.৬৮ বিলিয়ন ডলারের ডেনিম আমদানি করেছে, যা ২০২৪ সালের ৩.৩৮ বিলিয়নের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এ বাজারে বাংলাদেশের শেয়ার ২৫.৯৭ শতাংশ, যা দেশটিকে শীর্ষ রপ্তানিকারক হিসেবে আরও সুদৃঢ় অবস্থানে রেখেছে।

    অস্থির বৈশ্বিক বাণিজ্য পরিবেশের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। ২০২৫ সালে স্থানীয়ভাবে উৎপাদিত পোশাকপণ্য রপ্তানি করে বাংলাদেশ ৮.২০ বিলিয়ন ডলার অর্জন করেছে, যা ২০২৪ সালের ৭.৩৪ বিলিয়নের তুলনায় ১১.৭৫ শতাংশ বৃদ্ধি। বাংলাদেশের এই সাফল্য বিশ্ববাজারে দেশের পোশাক খাতের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা প্রমাণ করছে।

    প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের অবস্থান:

    ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ডেনিম আমদানি ৮.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালের ৩.৩৮ বিলিয়নের তুলনায় সামগ্রিক বাজারে স্থিতিশীল প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়। এই বাজারে বাংলাদেশ শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি ৩৪.০৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.৯৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ০.৭১ বিলিয়ন। ফলে যুক্তরাষ্ট্রের ডেনিম বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব দাঁড়িয়েছে ২৫.৯৭ শতাংশে, যা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি।

    • দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর রপ্তানি ২.১৮ শতাংশ কমে ০.৬৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। দেশটির বাজার অংশীদারিত্ব ১৭.৩৯ শতাংশ, যা বাংলাদেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
    • ভিয়েতনামের রপ্তানি ২৬.৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজার অংশীদারিত্ব ১৩.৫৬ শতাংশ হলেও, প্রবৃদ্ধি ও অংশীদারিত্ব—দুই ক্ষেত্রেই বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে।
    • পাকিস্তানের রপ্তানি ১৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাজার অংশীদারিত্ব ১৩.৫০ শতাংশ হলেও বাংলাদেশের তুলনায় অনেকটা কম।
    • কম্বোডিয়ার রপ্তানি ২২.০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাজার অংশীদারিত্ব ৬.৭৬ শতাংশ, যা এখনও বাংলাদেশের তুলনায় ছোট।
    • চীনের রপ্তানি উল্লেখযোগ্যভাবে ৫১.২২ শতাংশ হ্রাস পেয়ে ০.১৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বাজার অংশীদারিত্ব কমে ৪.৬৭ শতাংশে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের জন্য প্রতিযোগিতামূলক সুবিধা সৃষ্টি করেছে।
    • মিশরের রপ্তানি ৬.১৯ শতাংশ হ্রাস পেয়ে ০.১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ৪.৩০ শতাংশ বাজার অংশীদারিত্বের কারণে দেশটি দুর্বল অবস্থানে রয়েছে।

    ছোট রপ্তানিকারকদের মধ্যে ভারত ৬১.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ০.০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ইন্দোনেশিয়া ৬৮.৮০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ০.০৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তবে তাদের বাজার অংশীদারিত্ব যথাক্রমে ১.৫৩ শতাংশ ও ১.৪২ শতাংশ, যা বাংলাদেশের তুলনায় খুবই কম। সার্বিকভাবে, বাংলাদেশ শুধু সর্বোচ্চ বাজার অংশীদারিত্বই ধরে রাখেনি, বরং প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডেনিম বাজারে তার নেতৃত্ব আরও সুসংহত করেছে।

    যুক্তরাষ্ট্রে রপ্তানি প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ডেনিম রপ্তানি ২০২৫ সালে নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষক এবং শিল্প সংশ্লিষ্টরা এই সাফল্যের পেছনে কয়েকটি মূল কারণ তুলে ধরেছেন।

    প্রতিযোগিতামূলক মূল্য ও উৎপাদন সক্ষমতা: বাংলাদেশ বড় পরিসরে উৎপাদন করতে সক্ষম এবং তুলনামূলক কম খরচে মানসম্মত পণ্য সরবরাহ করে। ফলে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বড় অর্ডার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। চীননির্ভরতা কমাতে পশ্চিমা ব্র্যান্ডগুলো ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল গ্রহণ করেছে। এর বড় সুবিধাভোগী হয়েছে বাংলাদেশ। অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে বেশি পণ্য কিনেছে।

    বাংলাদেশে বিশ্বের শীর্ষ গ্রিন গার্মেন্টস কারখানার একটি বড় অংশ রয়েছে। দেশটিতে বর্তমানে ২৮০টি সবুজ কারখানা আছে, যার মধ্যে ১১৮টি প্লাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটিং অর্জন করেছে। এছাড়া, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত লিড কারখানার মধ্যে ৫২টি কারখানা বাংলাদেশে অবস্থিত। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো পরিবেশ সংক্রান্ত নীতিমালা সহজে মেনে নিতে পারছে, যা রপ্তানিকে আরও বাড়িয়েছে।

    ডেনিম খাতে বিশেষ দক্ষতা: গত কয়েক বছরে বাংলাদেশের ডেনিম উৎপাদনকারীরা প্রযুক্তি ও গবেষণায় বড় বিনিয়োগ করেছে। ওয়াশিং, ফিনিশিং এবং ডিজাইনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভ্যালু অ্যাডিশন বৃদ্ধি করেছে।

    আমদানি উৎসে পরিবর্তন: চীনের রপ্তানি ৫১ শতাংশ হ্রাস পাওয়ায় বাংলাদেশকে বৈশ্বিক ডেনিম সোর্সিংয়ে নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে স্বীকৃতি মিলেছে। মূল্য প্রতিযোগিতা, সময়মতো সরবরাহ এবং কমপ্লায়েন্স নিশ্চয়তা বাংলাদেশকে ক্রমেই আন্তর্জাতিক ক্রেতাদের প্রিয় গন্তব্যে পরিণত করেছে।

    বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি ও অরিন ডেনিমের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের উচ্চ প্রবৃদ্ধি দেশের শক্তি ও সক্ষমতার পরিচয় দেয়। তবে এই প্রবৃদ্ধি ধারাবাহিক রাখতে আমাদের উৎপাদন ও পণ্যের উন্নয়নে আরও মনোনিবেশ করতে হবে। ভলিউমনির্ভর উৎপাদন দিয়ে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়; বরং ব্র্যান্ডভিত্তিক কাজ, নতুন পণ্যের উদ্ভাবন এবং মূল্য সংযোজনই পরবর্তী প্রবৃদ্ধির চালিকাশক্তি।” তিনি আরও উল্লেখ করেন, রিসাইকেলড ইয়ার্ন, মিশ্র ফাইবার এবং আধুনিক ওয়াশিং ট্রেন্ডের দিকে মনোনিবেশ করা বৈশ্বিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “বাংলাদেশের ডেনিম খাতের যাত্রা একটি অসাধারণ সাফল্যের গল্প। ১৯৮৪ সালে মাত্র ১২ হাজার ডলারের রপ্তানি দিয়ে শুরু হওয়া এই শিল্প আজ বার্ষিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি অর্জন করেছে। ১০০ কোটি ডলারের কৌশলগত বিনিয়োগ এবং ৫০টিরও বেশি আধুনিক মিল স্থাপনের মাধ্যমে বৈচিত্র্য ও উদ্ভাবনের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ রিটেইল ব্র্যান্ডের প্রধান সোর্সিং হাব।”

    সার্বিকভাবে, বাংলাদেশ শুধু পরিসংখ্যানের দিক থেকে নয়, দক্ষতা, কৌশলগত বিনিয়োগ এবং বৈশ্বিক বাজারে স্থিতিশীলতার কারণে ডেনিম খাতে নেতৃত্ব ধরে রেখেছে। তবে ভবিষ্যতে এই অবস্থান বজায় রাখতে হলে উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং নতুন পণ্যে মনোনিবেশ করা অপরিহার্য।

    ডেনিম রপ্তানির চ্যালেঞ্জ ও করণীয়:

    যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ডেনিম রপ্তানি বৃদ্ধিকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে এখন কিছু চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি। অর্থনীতিবিদরা মনে করেন, জ্বালানি ও গ্যাস সংকট, লজিস্টিকস ও বন্দর জট, ডলার সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধি এবং শ্রম দক্ষতার উন্নয়ন বিশেষ গুরুত্ব পায়।

    সাথে সাথে পণ্যের মানোন্নয়ন ও যুগের সঙ্গে তাল মিলিয়ে গবেষণায় বিনিয়োগ করা প্রয়োজন। এসব সমস্যা সমাধান করা হলে বাংলাদেশ আরও দ্রুতগতিতে বাজার সম্প্রসারণ করতে পারবে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডেনিম বাজারে দীর্ঘমেয়াদে তার নেতৃত্ব আরও শক্তিশালী করবে। বিশেষ করে টেকসই উৎপাদন, ডিজাইন উন্নয়ন এবং পণ্যের বৈচিত্র্য বাড়াতে পারলে উচ্চমূল্যের বাজারেও প্রবেশের সুযোগ তৈরি হবে।” তিনি সরকারের কাছে পরামর্শ দিয়েছেন, চলমান সব সমস্যার দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিশ্বজুড়ে তেল সংকট—কোন দেশ কিভাবে ঘাটতি সামলাচ্ছে?

    এপ্রিল 1, 2026
    অর্থনীতি

    সরকারি কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারে জ্বালানি সাশ্রয় সম্ভব

    এপ্রিল 1, 2026
    বাণিজ্য

    কাজাখস্তান থেকে কম দামে ৭৬ ডলারে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

    এপ্রিল 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.