দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য অর্থায়ন সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন। এ লক্ষ্যে ক্রেডিট হোলসেল স্কিমের আওতায় রিভলভিং ঋণ বিতরণের জন্য ইউনাইটেড ফাইন্যান্স-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইউনাইটেড ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।
এই উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতে সহজ শর্তে ঋণপ্রাপ্তি বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধিতেও এটি সহায়ক হবে।
ইউনাইটেড ফাইন্যান্স দীর্ঘদিন ধরে এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংক-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশীদার হিসেবে কাজ করছে। দেশের ২৩টি শাখার মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

