দেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ব্রডব্যান্ড খাতভিত্তিক বৃহৎ প্রদর্শনী ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’। আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সংস্থা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, দেশের ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেই এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’।
রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম এ তথ্য জানান। এ সময় সংগঠনের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জহির উদ্দিন স্বপন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-এর চেয়ারম্যান এমদাদ উল বারী।
সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আবদুস সালাম এবং আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন।
এই এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবোটিকস, আইওটি ও বিজ্ঞানভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করবেন, যা তরুণ উদ্ভাবকদের জন্য বড় একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে থাকবে ১০টি বড় প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল। দেশের শীর্ষ ইন্টারনেট ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিচ্ছে, যা ব্রডব্যান্ড খাতে বিনিয়োগ ও উদ্ভাবনকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

