একসময় কোনো পণ্য কেনার প্রয়োজন অনুভব করলে মানুষ বাজারে যেতেন। কী কিনবেন, কোথায় পাওয়া যাবে এবং কত দাম-এসব ভেবেই শুরু হতো কেনাকাটার পরিকল্পনা। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এখন ঘরে বসেই বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অনলাইন বিজ্ঞাপনে চোখের সামনে হাজির হচ্ছে অসংখ্য পণ্য। এর মধ্যে অনেক কিছুই হয়তো আমাদের প্রয়োজন নেই। তারপরও আকর্ষণীয় ছবি, ছাড়ের অফার কিংবা অন্যের ব্যবহার দেখে সেগুলো কিনে ফেলি।
মনোবিজ্ঞানের ভাষায় এ ধরনের কেনাকাটাকে বলা হয় ‘ইমপালস বায়িং’ বা তাৎক্ষণিক আবেগপ্রবণ কেনাকাটা। প্রশ্ন হচ্ছে, অনলাইন বাজার কি আমাদের প্রকৃত প্রয়োজন মেটাচ্ছে, নাকি নিজেই নতুন নতুন চাহিদা তৈরি করে নিচ্ছে?
অনলাইন বাজারের ইতিবাচক দিক
অনলাইন কেনাকাটার প্রসারের বেশ কিছু বাস্তব সুবিধাও রয়েছে। সবচেয়ে বড় সুবিধা হলো সময় ও শ্রম সাশ্রয়। বিশেষ করে ঈদ বা উৎসবের সময় বাজারের ভিড়, যানজট কিংবা দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে অনেকেই অনলাইনে কেনাকাটা করেন। বিভিন্ন পণ্যের দাম ও বৈশিষ্ট্য তুলনা করে ঘরে বসেই পছন্দের পণ্য অর্ডার করা যায়। প্রচারণা, বান্ডেল অফার ও দ্রুত ডেলিভারিও ক্রেতাদের আকৃষ্ট করছে।
অনলাইন বাজার ছোট উদ্যোক্তাদের জন্যও নতুন সম্ভাবনা তৈরি করেছে। ২০২৬ সালের মার্চে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দেশে সক্রিয় ফেসবুক কমার্স উদ্যোক্তার সংখ্যা আনুমানিক ২ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার। বড় দোকান বা শোরুম ছাড়াই ফেসবুক পেজ কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনেকেই ব্যবসা পরিচালনা করছেন। এতে তুলনামূলক কম পুঁজিতে ব্যবসা শুরু এবং দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।
ডিজিটাল লেনদেনের ক্ষেত্রেও অনলাইন বাজারের অবদান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১১ মাসে কার্ডভিত্তিক ই-কমার্স লেনদেনের গড় মাসিক পরিমাণ ছিল প্রায় ২ হাজার ১৮৫ কোটি টাকা। অর্থাৎ এই সময়ে কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটায় মোট লেনদেন হয়েছে আনুমানিক ২ লাখ ৪ হাজার ৩৫০ কোটি টাকা।
অর্থাৎ আগে থেকেই কোনো পণ্য কেনার প্রয়োজন থাকলে অনলাইন বাজার ক্রেতার জন্য কার্যকর মাধ্যম। সমস্যা তৈরি হয় তখন, যখন প্রয়োজন ছাড়াই শুধু পণ্য দেখতে দেখতে কেনার আগ্রহ তৈরি হয়।
যেভাবে তৈরি হচ্ছে অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা
অনলাইনে অপ্রয়োজনীয় কেনাকাটা বাড়ার পেছনে মানুষের মনস্তত্ত্বের পাশাপাশি বিপণন কৌশলেরও ভূমিকা রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মগুলো ক্রেতার পছন্দ, আগ্রহ ও আগের অনুসন্ধানের তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখায়। ফলে একজন ক্রেতা যে ধরনের পণ্য একবার দেখেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই পণ্যের বিজ্ঞাপন আবারও সামনে আসতে থাকে।
নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যক্তিগত পছন্দের সঙ্গে মিল রেখে বিজ্ঞাপন দেখানোর প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। একই ধরনের আরেকটি গবেষণায় লিথুয়ানিয়ার ২০২ জন অনলাইন উত্তরদাতার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সীমিত পণ্যের প্রাপ্যতা, ব্যক্তিগত সুপারিশ, আবেগঘন বিজ্ঞাপন ও পণ্যের সুবিধা তুলে ধরার সঙ্গে তাৎক্ষণিক কেনাকাটাকে প্রভাবিত করে।
এ ছাড়া সীমিত সময়ের ছাড়, স্টক শেষ হওয়ার বার্তা কিংবা বিনা মূল্যে ডেলিভারির মতো অফার ক্রেতার সিদ্ধান্তকে প্রভাবিত করে। অনেক সময় মনে হয়, এখনই না কিনলে পরে আর এই সুযোগ পাওয়া যাবে না। এই মানসিকতাকে বলা হয় ‘ফিয়ার অব মিসিং আউট’ বা সুযোগ হারানোর ভয়।
ইনফ্লুয়েন্সারদের প্রচারণাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কারও ব্যবহার করা পোশাক, প্রসাধনী কিংবা ইলেকট্রনিক পণ্য দেখে অনেকের মধ্যে সেগুলো কেনার আগ্রহ তৈরি হয়। ইন্দোনেশিয়ায় ২০২৫ সালে ১৭৯ জন তরুণ ক্রেতাকে নিয়ে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, কেনাকাটার আনন্দ ও ইতিবাচক আবেগ তাৎক্ষণিক কেনাকাটা বাড়ায়।
এর সঙ্গে যুক্ত হয়েছে সামাজিক চাপ। বন্ধুবান্ধব কিংবা পরিচিতদের নতুন মডেলের ফোন, ইয়ারবাড বা পোশাক ব্যবহার করতে দেখে অনেকের মনে একই ধরনের পণ্য কেনার ইচ্ছা তৈরি হয়। তখন পণ্যটির প্রকৃত প্রয়োজনীয়তার চেয়ে অন্যদের সঙ্গে তাল মেলানোর প্রবণতা বেশি কাজ করে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইনে কেনাকাটার সহজ প্রক্রিয়া। আগে কোনো পণ্য কিনতে হলে দোকানে যেতে হতো, দাম যাচাই করতে হতো এবং কেনার আগে কিছুটা সময় নিয়ে ভাবার সুযোগ ছিল। এখন একটি ক্লিকেই অর্ডার সম্পন্ন করা যায়। ফলে কেনার সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবে টাকা খরচ করার মধ্যকার সময় কমে গেছে। সহজ ব্রাউজিং, পণ্যের সুপারিশ এবং সার্বক্ষণিক কেনাকাটার সুযোগ অনেক সময় ক্রেতাকে তাৎক্ষণিক সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।
বাংলাদেশের অনলাইন বাজার কতটা প্রস্তুত?
ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার এবং ডিজিটাল পেমেন্টের সহজলভ্যতা এই বাজারকে বড় করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ২০২৩ সালের একটি উপস্থাপনায় রিসার্চ অ্যান্ড মার্কেটসের ২০২২ সালের গবেষণায় বলা হয়, বাংলাদেশের ব্যবসা থেকে ভোক্তা পর্যায়ের (বিটুসি) ই-কমার্স বাজারের আকার ২০২২ সালে প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার ছিল এবং ২০২৬ সালে তা ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থাৎ এটি প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস।
বাজার সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ভোক্তার নিরাপত্তা ও পণ্যের মান নিয়েও দ্বিধা আছে। বিশেষ করে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম শপ ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে একই পণ্যের ভিন্ন দাম, অস্পষ্ট ডেলিভারি চার্জ এবং পণ্যের মান সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকার অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের ছবির সঙ্গে হাতে পাওয়া পণ্যের মিল পাওয়া যায় না। আবার একই ছবি ব্যবহার করে একাধিক বিক্রেতা পণ্য বিক্রি করায় প্রকৃত মান যাচাই করাও কঠিন হয়ে পড়ে।
এ পরিস্থিতিতে ক্রেতা অনেক সময় পণ্যের প্রকৃত গুণগত মান না জেনেই অর্ডার করেন। অর্থাৎ অনলাইনে পণ্য দেখার সুযোগ বাড়লেও পণ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার নিশ্চয়তা সব ক্ষেত্রে তৈরি হয়নি। এতে অপ্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি আর্থিক ক্ষতির ঝুঁকিও বাড়ে।
অপ্রয়োজনীয় কেনাকাটার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব
অনলাইনে অপ্রয়োজনীয় কেনাকাটার প্রভাব শুধু ব্যক্তিগত খরচের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে উৎপাদন, পরিবহন, প্যাকেজিং এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো বিষয়। । জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) প্রতিবেদনে বিশ্বব্যাংকের গ্লোবাল ফিন্ডেক্সে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বে আনুমানিক ২৩০ কোটি মানুষ অনলাইনে কেনাকাটা করেছেন। সুবিধা ও কম দামের কারণে ভোগ বাড়লে উৎপাদন, পরিবহন এর সাথে বর্জ্যও বাড়তে পারে।
অনলাইনে কেনা পণ্য পছন্দ না হলে কিংবা বিজ্ঞাপনের সঙ্গে মিল না থাকলে অনেক ক্রেতা তা ফেরত পাঠান। এতে নতুন করে পরিবহন, প্যাকেজিং ও জ্বালানি খরচ হয়। বাংলাদেশের ক্ষেত্রে লজিস্টিকস প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ের একটি অনুষ্ঠানের তথ্যের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, অনলাইন অর্ডারের প্রায় ২৪ শতাংশ পণ্য ফেরত আসে, যার ২১ শতাংশের কারণ ক্রেতার দ্বিধা বা অনুপস্থিতি, আর বাকি ৩ শতাংশের কারণ পণ্য বা প্যাকেজিংয়ের সমস্যা ও ডেলিভারিতে দেরি।
আর একটি প্রতিবেদন অনুযায়ী চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্প ৮৮ লাখ টনের বেশি কাগজ ও প্লাস্টিকের প্যাকেজিং ব্যবহার করেছে। আরেকটি বিশ্লেষণের হিসাবে, খারাপ প্যাকেজিং নকশার কারণে বছরে প্রায় ৫০ লাখ বাড়তি ডেলিভারি ট্রিপ হয় এবং প্রায় ৮৬ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়।
ব্যক্তিগত অর্থনীতিতেও এর প্রভাব রয়েছে। বাংলাদেশে কেনাকাটার পরিমাণ এখন উল্লেখযোগ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত কার্ডভিত্তিক ই-কমার্স লেনদেন মাসে গড়ে প্রায় ২ হাজার ১৮৫ কোটি টাকা ছিল, অর্থাৎ ১১ মাসে প্রায় ২৪ হাজার কোটি টাকা। তবে প্রয়োজনের বাইরে নিয়মিত কেনাকাটা করলে মাসিক ব্যয় বেড়ে যায় এবং সঞ্চয়ের সুযোগ কমে আসে। অর্থাৎ সাময়িক আকর্ষণ থেকে করা কেনাকাটা শেষ পর্যন্ত ব্যক্তিগত বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করে।
ক্রেতা, বিক্রেতা ও নীতিনির্ধারকের দায়
অনলাইন বাজার একদিকে মানুষের কেনাকাটাকে সহজ করেছে, অন্যদিকে কেনার অভ্যাসেও পরিবর্তন এনেছে। ছাড়, ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সারের প্রচারণা এবং সহজ কেনাকাটার ব্যবস্থা এই প্রবণতাকে আরও বাড়াতে পারে।
তাই অনলাইন বাজারকে পুরোপুরি দায়ী করাও ঠিক হবে না। কারণ একই মাধ্যম একজন মানুষের প্রয়োজনীয় পণ্য কেনার সময় ও খরচ বাঁচাচ্ছে, আবার অন্য কারও ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয়ের কারণ হচ্ছে। এখানে ক্রেতার সচেতনতার পাশাপাশি বিক্রেতা ও অনলাইন প্ল্যাটফর্মগুলোর দায়িত্বও গুরুত্বপূর্ণ।
কেনার আগে নিজেকে একটি প্রশ্ন করতে হবে, পণ্যটি কি সত্যিই আমার প্রয়োজন, নাকি বিজ্ঞাপন দেখে কেনার ইচ্ছা তৈরি হয়েছে? কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে কিছুটা সময় অপেক্ষা করা, একাধিক বিক্রেতার দাম যাচাই করা এবং শুধু ছাড়ের আকর্ষণে অর্ডার না করাও অপ্রয়োজনীয় ব্যয় কমাতে পারে। একই সঙ্গে পণ্যের সঠিক তথ্য, মূল্য ও ডেলিভারি চার্জ প্রকাশ এবং প্রতারণা রোধে নীতিনির্ধারকের কার্যকর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

