আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হচ্ছে ২১তম আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট। এই মেলায় অংশ নেবে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, ভিয়েতনাম, চীনসহ বাংলাদেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান।
এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’ মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন এম নাছের রহমান এমপি।
মেলার আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দি বাংলাদেশ মনিটর, যেখানে এয়ার অ্যাস্ট্রা টাইটেল স্পনসর। পার্টনার হিসেবে রয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইনস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জিডিএস প্রতিষ্ঠান স্যাবর, এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।
মেলায় ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে প্রদর্শন করা হবে পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং মেডিকেল সার্ভিস প্রদানকারী।
দর্শনার্থীরা মেলায় উপভোগ করতে পারবেন দেশের পাশাপাশি আন্তর্জাতিক বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল-রিসোর্ট বুকিং, মেডিকেল টুরিজম প্যাকেজসহ বিভিন্ন সেবায় বিশেষ ছাড়। এছাড়া প্রবেশ টিকিটে র্যাফেল ড্রয়ে থাকছে আকর্ষণীয় পুরস্কার—দেশি-বিদেশি রিটার্ন এয়ার টিকিট, হোটেল ও রিসোর্টে বিনামূল্যে আবাসন, এবং দেশের নামকরা হোটেলে লাঞ্চ ও ডিনারের ভাউচার। মেলা চলবে ৯ থেকে ১১ এপ্রিল, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

