রাজধানীসহ সারাদেশে অবৈধ জুয়ার আসর, লাইসেন্সবিহীন মদের বার এবং সিসা (হুক্কা) লাউঞ্জ বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ ) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জনস্বার্থে এই রিটটি করেন। বিষয়টি আগামী কয়েক দিনের মধ্যে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরাসহ অভিজাত এলাকাগুলোতে ক্যাফে বা লাউঞ্জের আড়ালে অবৈধ সিসা বার, মাদক সেবন ও জুয়ার আসর দ্রুত বাড়ছে। এসব কার্যক্রম তরুণ সমাজের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। রিটে উল্লেখ করা হয়, দেশে সিসা বা হুক্কা লাউঞ্জ পরিচালনার জন্য কোনো বৈধ অনুমোদন নেই। তবুও পর্যাপ্ত নজরদারির অভাবে এসব ব্যবসা নির্বিঘ্নে চালানো হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে, অনেক সিসা লাউঞ্জে তামাকের সঙ্গে ইয়াবা, গাঁজা কিংবা ফেনসিডিল মিশিয়ে সেবন করা হয়। কিছু জায়গায় গোপনে মদ্যপান ও অনৈতিক কর্মকাণ্ডও সংঘটিত হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
রিটকারী আইনজীবীর ভাষ্য, এর আগে হাইকোর্ট অবৈধ সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশ দিলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি। তাই নতুন করে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা চেয়ে এই আবেদন করা হয়েছে। রিটে অবিলম্বে এসব অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

