সংসদে নির্ধারিত সময়ের মধ্যে উত্থাপন না হওয়ায় গণভোটসহ অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৬টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের পথে রয়েছে। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে এসব অধ্যাদেশের কার্যকারিতা নিজ থেকেই লোপ পাবে।
জাতীয় সংসদের বিশেষ কমিটি মনে করছে, এসব অধ্যাদেশ এখনই বিল আকারে তোলার চেয়ে ভবিষ্যতে আরও পর্যালোচনা ও শক্তিশালী কাঠামো তৈরি করে পুনরায় আনা উচিত। সেই সুপারিশই তারা সংসদে উপস্থাপন করেছে।
সংবিধানের ৯৩ অনুচ্ছেদে বলা হয়েছে, অধ্যাদেশ জারির পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকেই তা উত্থাপন করতে হবে। এরপর ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যায়। এই বিধান অনুযায়ী আগামী ১২ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট ১৬টি অধ্যাদেশ ‘ল্যাপস’ করবে।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত অবস্থায় পাসের সুপারিশ করা হয়েছে। আরও ১৫টি সংশোধন করে পাসের প্রস্তাব রয়েছে। এছাড়া চারটি অধ্যাদেশ অবিলম্বে বিল হিসেবে সংসদে আনার সুপারিশ করা হয়েছে।
তবে বিতর্কিত ও গুরুত্বপূর্ণ ১৬টি অধ্যাদেশ নিয়ে আরও সময় নিয়ে যাচাই-বাছাই করার পক্ষে মত দিয়েছে কমিটি। এই তালিকায় রয়েছে গণভোট, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন সংশোধন, তথ্য অধিকার সংশোধনসহ রাজস্ব ও করসংক্রান্ত একাধিক অধ্যাদেশ। এছাড়া বেসামরিক বিমান চলাচল, ট্রাভেল এজেন্সি নিয়ন্ত্রণ, মানবদেহে অঙ্গ সংযোজন এবং মাইক্রো ফাইন্যান্স ব্যাংক সম্পর্কিত অধ্যাদেশও এতে অন্তর্ভুক্ত।
এদিকে ১২টি অধ্যাদেশ নিয়ে ভিন্নমত দিয়েছেন জামায়াতে ইসলামীর তিন সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান ও গাজী নজরুল ইসলাম। তারা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে জানিয়েছেন, স্থানীয় সরকার সংক্রান্ত কয়েকটি সংশোধনী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবিধানের ৫৯ অনুচ্ছেদ এবং সুপ্রিম কোর্টের ‘কুদরত-ই-ইলাহী পনির বনাম বাংলাদেশ’ মামলার আলোকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে অনির্বাচিত প্রশাসক নিয়োগ বৈধ নয়।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। টানা তিনটি বৈঠকে তারা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে।

