পহেলা বৈশাখে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। এতে ধর্মীয় অনুভূতি, সাংবিধানিক অধিকার ও সামাজিক সম্প্রীতির বিষয় তুলে ধরা হয়েছে। রোববার (৫ এপ্রিল) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই রিটটি দায়ের করেন আইনজীবী মো. মাহমুদুল হাসান (মামুন)। আবেদনে মঙ্গল শোভাযাত্রা আয়োজন বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বিবাদী হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য এবং চারুকলা অনুষদের ডিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, মঙ্গল শোভাযাত্রা বাঙালির প্রাচীন ঐতিহ্যের অংশ নয়; বরং ১৯৮৯ সালে “আনন্দ শোভাযাত্রা” নামে শুরু হওয়া একটি আয়োজন, যা পরে বর্তমান নামে পরিচিত হয়। এটি পহেলা বৈশাখের সঙ্গে যুক্ত হলেও এর উৎস ও তাৎপর্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
রিটে আরও উল্লেখ করা হয়, শোভাযাত্রায় বিভিন্ন প্রতীক ও ভাস্কর্যের ব্যবহার কিছু মানুষের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এর ফলে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগা এবং সামাজিক অস্থিরতা তৈরির আশঙ্কা রয়েছে বলে আবেদনকারীর দাবি।
সংবিধানের ৩১, ৩২ ও ৪১ অনুচ্ছেদ উল্লেখ করে রিটে বলা হয়েছে, নাগরিকের জীবন, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। এই প্রেক্ষাপটে শোভাযাত্রা আয়োজন, অনুমোদন বা প্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত রাখতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে চূড়ান্ত আইনি সমাধানের জন্যই আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। এখন এ বিষয়ে আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

