হামের টিকাদান ব্যবস্থা বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রা স্থগিত রাখার আহ্বানও জানানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এতে বহু শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতির পেছনে টিকাদান ব্যবস্থাপনায় নীতিগত পরিবর্তন ভূমিকা রেখেছে কি না, তা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
আইনজীবী আশরাফুল ইসলাম জানান, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে দেওয়ার সিদ্ধান্ত যদি নেওয়া হয়ে থাকে, তবে তা গুরুতর বিষয়। এ কারণে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী ও মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও অনেকে রয়েছেন। সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও এ তালিকায় রাখা হয়েছে।
নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

