বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহের জন্য নতুন পোশাকবিধি সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
গতকাল সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল অধস্তন আদালতের বিচারকরা মামলা পরিচালনার সময় কালো কোট পরিধান করবেন। এর সঙ্গে ক্ষেত্রমত সাদা ফুলশার্ট, সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড পরা বাধ্যতামূলক। তবে গাউন পরিধান করা ঐচ্ছিক থাকবে।
আইনজীবীদের ক্ষেত্রেও পোশাকবিধি কিছুটা শিথিল করা হয়েছে। তারা মামলা পরিচালনার সময় সাদা ফুলশার্ট, সাদা শাড়ি বা সালোয়ার কামিজ এবং সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরিধান করতে পারবেন। তাদের জন্যও কালো কোট বা গাউন পরিধান বাধ্যতামূলক নয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা ৭ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্টার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এই নির্দেশনার ফলে অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের পোশাক নির্বাচনে কিছুটা নমনীয়তা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

