জামালপুরে ধর্ষণ মামলার এক আসামির বয়স কমিয়ে জামিন নেওয়ার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে জামালপুর জেলা আদালত চত্বরে আইনজীবী ও মুহুরিদের একাংশ এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
ধর্ষণবিরোধী আন্দোলন সংগঠন ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় বকুলতলা চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের দয়াময়ী মোড়ের শহীদ মিনার এলাকায় অবস্থান নেয়।
সেখানেই নির্যাতনের শিকার এক নারীর ভাই অভিযোগ করেন, ৩৫ বছর বয়সী ধর্ষকের প্রকৃত বয়স গোপন করে ১৬ বছর দেখিয়ে জামিনের আবেদন করা হয়েছে। এ অভিযোগ সামনে আসার পর বিক্ষোভকারীরা প্রতিবাদ জানাতে মিছিল নিয়ে আদালত চত্বরে গেলে আইনজীবী সমিতির কিছু সদস্য তাদের হলরুমে আলোচনার জন্য ডাকেন।
তবে আলোচনা শুরুর আগেই আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে ধর্ষণবিরোধী মঞ্চ। হামলায় কয়েকজন আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সংগঠনটি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আদালতের মতো সংবেদনশীল স্থানে এমন হামলা বিচারপ্রার্থীদের নিরাপত্তার প্রশ্ন তোলে। একইসঙ্গে ধর্ষকের বয়স কমিয়ে জামিন নিশ্চিত করার চেষ্টা প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
ধর্ষণবিরোধী মঞ্চ আরো জানিয়েছে, এ ধরনের অনিয়ম ও সহিংসতা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

