সরকারবিরোধী কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে বড় অঙ্কের জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) মস্কোর এক আদালত ৭০ লাখ রুবল (প্রায় ৮০ হাজার মার্কিন ডলার) জরিমানা করে প্রতিষ্ঠানটিকে।
রুশ আদালতের অভিযোগ, টেলিগ্রাম সন্ত্রাসী হামলা এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান সংবলিত কনটেন্ট মুছে ফেলতে অস্বীকৃতি জানিয়েছে। এসব কনটেন্ট রাশিয়ান আইন অনুযায়ী নিষিদ্ধ।
জানা যায়, রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও টেলিগ্রাম কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সাড়া দেয়নি।
রাশিয়ান বংশোদ্ভূত উদ্যোক্তা পাভেল দুরভ প্রতিষ্ঠিত টেলিগ্রামের বর্তমানে প্রায় একশ কোটি ব্যবহারকারী রয়েছে। প্ল্যাটফর্মটি বিশেষভাবে জনপ্রিয় রাশিয়া, ইউক্রেন ও অন্যান্য সাবেক সোভিয়েত রাষ্ট্রে।
এর আগেও বিতর্কে জড়িয়েছে টেলিগ্রাম। ২০২৪ সালের আগস্টে, ফ্রান্সে জালিয়াতি, অর্থ পাচার এবং শিশু যৌন নির্যাতনের ছবি শেয়ার করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেফতার করা হয়।
বিশ্লেষকদের মতে, টেলিগ্রাম নিয়ে রাশিয়ার অবস্থান দিন দিন আরো কঠোর হচ্ছে। পশ্চিমা দেশগুলোতে মতপ্রকাশের স্বাধীনতা ও গোপনীয়তা রক্ষার দোহাই দেওয়া হলেও রাশিয়ায় এসব বিষয়কে ‘জাতীয় নিরাপত্তার হুমকি’ হিসেবে দেখা হচ্ছে।

