চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটে (গ ইউনিট) পুনরায় এমসিকিউ পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৩ এপ্রিল) বিকেলে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার পথ খুলে গেল বিশ্ববিদ্যালয়ের জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, গ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুল চিহ্নিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং এ বিষয়ে আদালতের অনুমতি চায়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পর এক পরীক্ষার্থী প্রশ্নপত্রে একাধিক ভুল তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ‘সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন’ শীর্ষক একটি আবেদন জমা দেন। আবেদনটি যথাযথভাবে আমলে না নেওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।
রিট আবেদনে বলা হয়, কর্তৃপক্ষের কাছে প্রশ্নপত্রের ভুল তুলে ধরে আবেদন করা হলেও তাতে কোনো সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে আবেদনটি নিষ্পত্তি না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সেই সঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া আবেদনটি নিষ্পত্তির নির্দেশনা এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষার ফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় এমসিকিউ পরীক্ষা নেওয়ার অনুমতির জন্য আদালতে আবেদন করে।
হাইকোর্টের সর্বশেষ আদেশে এখন ঢাবি কর্তৃপক্ষ ব্যবসায় শিক্ষা ইউনিটে নতুন করে এমসিকিউ পরীক্ষা আয়োজন করতে পারবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ভাবনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে।

