বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ঘোষিত ফলাফলকে ‘জালিয়াতিপূর্ণ’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকধারী প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। একইসঙ্গে তাকে প্রকৃত বিজয়ী হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়ে বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১৮ এপ্রিল) এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সিটি নির্বাচনে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার আরজিতে অভিযোগ করা হয়েছে, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে নানা হামলা ও মামলার মধ্য দিয়ে ভোটপ্রক্রিয়া বানচালের চেষ্টা করা হয়। নির্বাচনের দিন হাতপাখা প্রতীকের প্রার্থীকে প্রকাশ্যে হামলা করে রক্তাক্ত করা হয় এবং বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে জোরপূর্বক বের করে দেওয়া হয়।
আরজিতে আরও উল্লেখ করা হয়, দিনভর সন্ত্রাস, আতঙ্ক এবং জালিয়াতির মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। এ প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭ হাজার ৮০৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়, যেখানে ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করীমকে ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে দ্বিতীয় দেখানো হয়।
তবে মামলায় দাবি করা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারলে হাতপাখা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন।
এই প্রেক্ষিতে, জনতার ভোটাধিকার হরণ এবং নির্বাচনী জালিয়াতির প্রতিকার চেয়ে নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ নম্বর বিধির আওতায় আবুল খায়েরের পক্ষে ঘোষিত ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ী হিসেবে ফয়জুল করীমকে জয়ী ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন সংশ্লিষ্ট সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুনরায় নিরপেক্ষ তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেছে।

