সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদালতের রীতি অনুযায়ী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দুই বিচারপতির কর্মজীবন, পেশাগত অবদান ও ব্যক্তিগত গুণাবলি তুলে ধরে বক্তব্য দেন। পরে সংবর্ধনার জবাবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব বক্তব্য রাখেন।
এ সময় এজলাস কক্ষে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবীরা। অনুষ্ঠান চলাকালে এজলাস ছিল পূর্ণ আদালতে রূপান্তরিত, যেখানে বিচার বিভাগ ও আইন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেন। পরদিন ২৫ মার্চ প্রধান বিচারপতির উপস্থিতিতে দুই বিচারপতির শপথ গ্রহণ সম্পন্ন হয়।
দুই অভিজ্ঞ বিচারপতির আপিল বিভাগে অন্তর্ভুক্তি দেশের বিচার ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন আইনজীবী মহল।

