রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন। তিনি জানান, ২১ এপ্রিল ডিএসসিসি আফতাবনগরে কোরবানির পশুর হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করলেও এই বিষয়ে হাইকোর্টে একটি রুল বিচারাধীন রয়েছে। ফলে বিজ্ঞপ্তিটি আদালতের আদেশ লঙ্ঘন করেছে বলেই তার মত।
এর আগে, ২০২৩ সালের ৩ জুন হাইকোর্ট আফতাবনগরে কোরবানির হাট বসানোর সিদ্ধান্ত স্থগিত করে দেয়। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন, যা পরে আপিল বিভাগেও বহাল থাকে। যদিও হাটের ইজারাদার নুরুল ইসলাম সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, আফতাবনগর একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, যেখানে পশুর হাট বসানো জনস্বার্থবিরোধী এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন ঢালীর আগেও করা একটি রিট এখনো বিচারাধীন রয়েছে।
রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ডিএসসিসি মেয়র, দক্ষিণ সিটির প্রধান ভূমি কর্মকর্তা, এবং অন্যান্য মিলে মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দ জানান, আফতাবনগর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকা হওয়ায় দক্ষিণ সিটি করপোরেশন সেখানে হাট বসানোর অধিকার রাখে না।
রিটে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৩(২) এবং প্রথম তফসিল অনুযায়ী আফতাবনগর বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত, যা ডিএনসিসির অংশ হিসেবেই গণ্য করা উচিত।
এই বিষয়ে হাইকোর্টের শুনানির তারিখ শিগগিরই নির্ধারণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

