বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার বার কাউন্সিলের সচিব ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনজীবী তালিকাভুক্তির উদ্দেশ্যে আয়োজিত এমসিকিউ পরীক্ষার আগেই কিছু বানোয়াট প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হয়, যা বার কাউন্সিল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশের সহায়তায় তদন্তে নেমে ওই ব্যক্তি গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বার কাউন্সিল জানিয়েছে, এ ধরনের ভুয়া প্রশ্নপত্র সরবরাহ ও প্রচার সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। পরীক্ষার্থীদের বিভ্রান্ত করতে ও পরীক্ষার স্বচ্ছতা নষ্ট করতে কোনো মহল যদি এমন অপতৎপরতায় জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দেশের সবধরনের পরীক্ষার্থীদের সবাইকে সতর্ক থাকতে এবং যাচাই ছাড়া কোনো প্রশ্নপত্র বা তথ্য গ্রহণ না করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ এনরোলমেন্টের এমসিকিউ পরীক্ষা শুক্রবার (আজ) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়।

