বাংলাদেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আন্তর্জাতিক সংস্থা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের (পিসিএ) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। পিসিএর সেক্রেটারি জেনারেল মার্সিন চেপেলাক এক অভিনন্দন বার্তায় তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কিত তথ্য গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান শুক্রবার (২৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে সম্প্রতি পিসিএর সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বর্তমানে তিনি গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন যেখানে তিনি আপিল বিভাগের বিচারপতির পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনার জন্য গঠিত জাতীয় রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এদিকে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশনের সদস্য পদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

