মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, জুলাইয়ের গণআন্দোলনে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে নিজ গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। তিনি এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেন।
আইন উপদেষ্টা জানান, এই ঘটনায় অভিযুক্ত দুই আসামি ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছে এবং তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। চার্জশিট প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং তা অল্প কয়েকদিনের মধ্যেই দাখিল করা হবে।

তিনি বলেন, সংশোধিত আইনের আওতায় চার্জশিট দাখিলের পর বিচার শুরুর ৯০ দিনের মধ্যে রায় ঘোষণা বাধ্যতামূলক। তবে ডিএনএ প্রমাণ অনুকূলে থাকলে তারও আগেই বিচার সম্পন্ন হতে পারে।
মাগুরার ঘটনাপ্রসঙ্গে তিনি আরো জানান, পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর গত বুধবার থেকে বিচার কার্যক্রম শুরু হয়েছে। ডিএনএ প্রতিবেদন এবং ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সাত কার্যদিবসের মধ্যেই মামলার রায় দেওয়া সম্ভব হবে।
তবে বিচারকাজে সামান্য বিলম্বের সম্ভাবনা নিয়েও সতর্ক করে তিনি বলেন, বিচার ঠিকমতো না হলে উচ্চ আদালতে আপিলের সময় রায় টিকবে না। সে ক্ষেত্রে ক্ষতির শিকার হবে ন্যায়বিচারই।
স্ট্যাটাসের শেষাংশে আসিফ নজরুল লেখেন, আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন। কিন্তু নরপশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। সরকার এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

