ট্রাফিক পুলিশের কাজে বাধা, ট্রাফিক আইন লঙ্ঘন এবং পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর দুটি পৃথক স্থানে এক রিকশাচালক ও এক যাত্রীকে তাৎক্ষণিক আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) ঢাকার বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে এই দুটি ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলেই তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁতীবাজার মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে রিকশাচালক মো. আখতার হোসেন রিকশা চালাতে থাকেন। পুলিশ সদস্যরা তাকে থামাতে চাইলে তিনি তাদের ওপর হামলা করেন। ঘটনাস্থলেই অপরাধটি আমলে নিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০২ ধারায় মো. আখতার হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট।
এদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল উপেক্ষা করে একটি অটোরিকশা চলতে থাকলে পুলিশ তা থামানোর চেষ্টা করে। এ সময় অটোরিকশার যাত্রী সোহেল রানা পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায়ও বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে। একইসঙ্গে তিনি নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

