শিগগিরই পাস হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সাইবার সুরক্ষা আইন। নতুন এই আইনে অনলাইন জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি জুয়ার সঙ্গে সরাসরি কিংবা পরোক্ষভাবে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান।
তিনি বলেন, আইনটি কার্যকর হওয়ার পর অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে সব ধরনের বেটিং ওয়েবসাইটও।
তিনি আরও জানান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী কোম্পানিগুলোর ভূমিকা খতিয়ে দেখা হবে। অনলাইন জুয়ার সঙ্গে তাদের কোনো যোগসাজশ আছে কি না, তাও তদন্তের আওতায় আসবে।
সম্প্রতি বিকাশ, রকেটের মতো বেশ কয়েকটি এমএফএস কোম্পানির বিরুদ্ধে অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি এবং ই-কমার্স এমএলএমের নামে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। নতুন সাইবার আইন কার্যকর হলে এসব অভিযোগও তদন্ত করে দেখা হবে বলে জানান ফয়েজ আহমদ।
তিনি সতর্ক করে বলেন, অনেক অনলাইন জুয়া কোম্পানি এখন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ব্যাংকিং সেবার সঙ্গে জড়িয়ে পড়েছে।
গত কয়েক মাসে কিছু নির্দিষ্ট মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন ধরা পড়েছে। একটি নির্দিষ্ট উৎস থেকে টাকা পাঠিয়ে নির্দিষ্ট কয়েকটি নম্বরের মাধ্যমে ক্যাশআউট করে অর্থ বিদেশে পাচার করা হচ্ছে। এসব দেখেও যদি কেউ না দেখার ভান করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
ফয়েজ আহমদ স্পষ্ট করে বলেন, অবৈধ জুয়ার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে নতুন সাইবার সুরক্ষা আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

