ঢাকার আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর ঘটনার মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে আরো দুজন আসামিকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে হত্যার ভিডিও ফুটেজও তাদের হাতে এসেছে। বর্তমানে বাকিদের শনাক্তের কাজ চলছে।
এ তথ্য সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
গত বছরের ৫ আগস্ট ঘটে ভয়াবহ এক ঘটনা। ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার পর তাদের মৃতদেহ গাড়িতে তুলে পুড়িয়ে ফেলে পুলিশ। ঘটনার সময় একজন জীবিত ছিলেন, তবে তাকে আগুনে পুড়িয়ে নিশ্চিত করা হয় মৃত্যু। এই হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে।
তদন্তকারী সংস্থা জানায়, ঘটনার এক বিস্ফোরক ভিডিও উদ্ধার হয়েছে যেখানে দেখা যায়, হত্যার আগে গুলি করে নিহতদের। তদন্তকারীরা জানিয়েছেন, এই নতুন ভিডিওর মাধ্যমে দুজন হত্যাকারী শনাক্ত হয়েছে, বাকিদের শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
অ্যাডভোকেট মিজানুল ইসলাম বলেন, শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আশুলিয়ার এ মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য ২৫ মে দিন নির্ধারণ করা হয়েছে।
এদিন জুলাই-আগস্টের যাত্রাবাড়ী ও রামপুরার গণহত্যাসহ তিনটি মামলার শুনানিও অনুষ্ঠিত হয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে উপস্থিত করা হয়। এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় আরো তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

