ঢাকা, খুলনা ও গোপালগঞ্জে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা কিছু জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। এই আদেশ দিয়েছেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব। বুধবার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই সিদ্ধান্ত দেন তিনি।
দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম আদালতে এ বিষয়ে আবেদন করেন। তিনি বলেন, এসব সম্পত্তি জব্দ করা জরুরি। জব্দের তালিকায় রয়েছে বারিধারার একটি প্লট। যার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। প্লটটির মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।
এ ছাড়া খুলনার দিঘলিয়ায় শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের নামে রয়েছে ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি। এর দলিলমূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা। শেখ রেহানার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রয়েছে আরও ১৯ শতাংশ জমি। যার দলিলমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। শেখ রেহানার সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘলিয়ায় রয়েছে আরও ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি। এর মূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
দুদক বলেছে, এসব ব্যক্তি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগ এখনও অনুসন্ধানের পর্যায়ে আছে। তারা যেন এই জমিগুলো বিক্রি বা অন্য কাউকে দিতে না পারেন সেই কারণেই জমি জব্দের আবেদন করা হয়। এর একদিন আগেই, মঙ্গলবার (২৯ এপ্রিল) আদালত পুতুলের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেয়। এরও আগে, গত ৫ মার্চ সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোট ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধ করে আদালত।
পরে আরও কয়েক দফায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা অন্তত ১ হাজার ৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এই আদেশগুলো একই আদালতই দিয়েছেন। আরও অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে এসব আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।

