মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্ধারিত দিনেই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার, ৬ মে দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ সিদ্ধান্ত দেন। এর আগে, সকাল ১০টায় মামলাটির শুনানি শুরু হয়। আদালত কিছুক্ষণ শুনানি শেষে তা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানান, আপিল বিভাগ বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি গ্রহণ করবে।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১৪ সালের ডিসেম্বরে এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করে। তিনি সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন, যা বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।

