সাইবার অপরাধ দমনে নতুন আইনের পথে সরকার। আগের আইন থেকে বিতর্কিত ৯টি ধারা বাতিল করে নতুন সাইবার সিকিউরিটি আইন এক সপ্তাহের মধ্যেই কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত হয় এই ব্রিফিং।
তিনি বলেন, “বিতর্কিত ৯টি ধারা বাদ দিয়ে আইনটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এটি কার্যকর হলে আগের আইনে হওয়া সব মামলা বাতিল হয়ে যাবে।”
তিনি জানান, নতুন আইনে মামলার শুনানির সংখ্যা সর্বোচ্চ চারবার করা হয়েছে। আগে তা ছিল ছয়বার। এতে মামলার সময় অর্ধেক কমে আসবে।
এ আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হবে দুই বছর। পাশাপাশি কেউ যদি মিথ্যা মামলা করেন এবং তা প্রমাণ হয়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে।
সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতা যেন ঠিক থাকে—এই বিষয়েও জোর দেন অধ্যাপক আসিফ নজরুল।
তিনি আরও জানান, নতুন আইনে অনলাইন জুয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
সরকার বলছে, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক অধিকার রক্ষায় ভারসাম্য রেখেই তৈরি হয়েছে নতুন আইন।
এই আইনের মাধ্যমে একদিকে যেমন অনলাইন অপরাধ কমবে, অন্যদিকে মতপ্রকাশের অধিকারও সুরক্ষিত থাকবে বলে আশা করা হচ্ছে।

