বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৮৫ জন আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি একই বিভাগের আরো ৮৪ জন আইনজীবীর আবেদন পরবর্তী বিবেচনার জন্য স্ট্যান্ড ওভার রাখা হয়েছে।
তালিকাভুক্তির এই সিদ্ধান্ত এসেছে সম্প্রতি পুনর্গঠিত এনরোলমেন্ট কমিটির সভা থেকে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে ৬ মে অনুষ্ঠিত এ সভায় কমিটির সভাপতিত্ব করেন তিনি নিজেই। এতে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও আপিল বিভাগের পাঁচজন আইনজীবীকে ‘সিনিয়র অ্যাডভোকেট’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আরও ২০ জনের আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে।
এই সিদ্ধান্তে দেশের আইন পেশায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং আপিল বিভাগে নতুন রক্ত সঞ্চালনের সুযোগ তৈরি হবে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের।

