ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় আলোচনায় আসা নারী ফারিয়া হক ওরফে টিনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার, ৯ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন ফারিয়া হককে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন জানিয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত ২০ এপ্রিল পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটজনকে নাম উল্লেখ করে আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ এপ্রিল জাহিদুল ইসলাম পারভেজ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে মিডটার্ম পরীক্ষা দিতে যান। পরীক্ষা শেষে তিনি তার বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি দোকানে পুরি-সিঙ্গারার আড্ডায় অংশ নেন এবং হাসাহাসি করছিলেন। এ সময় বিকেল ৩টার দিকে মামলার ১ থেকে ৩ নম্বর আসামি তার কাছে হাসির কারণ জানতে চান যা থেকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং প্রক্টরের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
কিন্তু ঘটনার এক ঘণ্টারও কম সময় পর বিকেল ৪টা ৪০ মিনিটে মামলার উল্লেখিত আসামি এবং আরও অজ্ঞাতনামা কয়েকজন একত্র হয়ে পারভেজ ও তার বন্ধুদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা চুরি, চাকু, চাপাতি ও লাঠিসোটা ব্যবহার করে আক্রমণ করে। এতে পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ফারিয়া হকের সংশ্লিষ্টতা উঠে আসার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।

