সেলিব্রিটিদের অংশগ্রহণে আয়োজিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ টুর্নামেন্টে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ তুলে আয়োজক ও কয়েকজন অভিনেত্রীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গত বুধবার ১৪ মে, অ্যাডভোকেট মো. জাকির হোসেন এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশুর পাশাপাশি অংশগ্রহণকারী মডেল-অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশাকে বিবাদী করা হয়েছে।
গত ৫ মে রাজধানীর বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সে এই টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং ১৩ মে আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি ঘটে। এই আয়োজন ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েই আইনি পদক্ষেপ নিয়েছেন উক্ত আইনজীবী।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় ও আবেগঘন খেলা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই পরিবার নিয়ে জাতীয় ও ঘরোয়া ক্রিকেট উপভোগ করে থাকেন। সাধারণ দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায় যখন খেলায় অংশ নেন জনপ্রিয় তারকারা। সরাসরি মাঠে হোক বা অনলাইনে—তারা আগ্রহ নিয়ে খেলা উপভোগ করেন। তবে সাম্প্রতিক সময়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে কিছু অভিনেত্রীর আচরণ ও পোশাক নিয়ে প্রশ্ন উঠেছে।
নোটিশে অভিযোগ করা হয়, টুর্নামেন্টে অংশ নেওয়া কয়েকজন অভিনেত্রী শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গি এবং অনুপযুক্ত, ছোট পোশাকে খেলার মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়াচ্ছেন। এতে দর্শকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে মারুফা আক্তার জামানের একটি সাক্ষাৎকার উদ্ধৃত করে বলা হয়, তিনি নিজেই বলছেন, “ফিগার যদি না দেখাতে পারে তাহলে কীভাবে হলো?”—যা প্রমাণ করে যে ইচ্ছাকৃতভাবেই খেলার নামে অশ্লীলতা ছড়ানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সমাজ ও সংস্কৃতির জন্য ক্ষতিকর এবং ক্রিকেটকেও কলঙ্কিত করছে।
আইনজীবী জাকির হোসেন আরও বলেন, যেহেতু বাংলাদেশে অধিকাংশ মানুষ মুসলিম এবং তারা ইসলামী মূল্যবোধ অনুসরণ করেন, তাই এই ধরনের প্রকাশ্য অশ্লীলতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, খেলোয়াড়দের উপযুক্ত শালীন পোশাকে খেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে করে যেমন সামাজিক নৈতিকতা রক্ষা পাবে তেমনি খেলাটির প্রতি মানুষের ভালোবাসাও বাড়বে।
নির্মাতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আয়োজক হিসেবে প্রবীর রায় চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশুর দায়িত্ব রয়েছে অংশগ্রহণকারীদের পোশাক ও আচরণ সম্পর্কে সঠিক নির্দেশনা দেওয়া। তারা যেন নিজেদের দায়িত্বের জায়গা থেকে সুপরামর্শ দিয়ে এই আয়োজনকে শালীন রাখেন, সে আহ্বান জানানো হয় নোটিশে।
নোটিশে আরও বলা হয়েছে, যেসব অভিনেত্রী অশালীন পোশাকে বা অঙ্গভঙ্গিতে অংশ নিয়েছেন, তাদের আগামী ১৫ দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করতে হবে এবং এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এই ঘটনার প্রেক্ষাপটে সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান এখন জনসমক্ষে আসা বাকি।

