নারায়ণগঞ্জে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. গোলাম কবির এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। অনাদায়ে আরও ছয় মাস করে কারাভোগের নির্দেশও দেওয়া হয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাজ্জাদ হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- শামিম হোসেন, নাজমুল এবং জিলকদ। মামলার অভিযোগপত্রে বলা হয়, ভুক্তভোগী ওই ছাত্রী নারায়ণগঞ্জের একটি কলেজে পড়তেন। আসামি শামিম হোসেন একই কলেজে ভর্তি হওয়ার পর থেকে ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার উত্ত্যক্ত করতেন। কিন্তু তার প্রস্তাবে সাড়া না পাওয়ায় শামিম ক্ষিপ্ত হয়ে ওঠেন।
২০১৬ সালের ১৫ মার্চ সকালে প্রাইভেট পড়তে বের হওয়ার পর আনুমানিক সকাল ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে পৌঁছালে শামিম হোসেন তার দুই সহযোগী নাজমুল, জিলকদ এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সহায়তায় ছাত্রীটিকে জোর করে অপহরণ করেন। পরে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন।
এ ঘটনার দু’দিন পর, ১৭ মার্চ ভুক্তভোগীর মা যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২ জুন তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার বিচারকাজ চলাকালে মোট আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন, যাদের সাক্ষ্যের ভিত্তিতেই আদালত এ রায় ঘোষণা করেন।
এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় থাকা এক যৌন নির্যাতনের মামলার নিষ্পত্তি হলো, যা নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধের বিচার কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

