কিশোরগঞ্জে বিদেশি মদের বোতলসহ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন এডভোকেট সানোয়ার হোসেন রুবেল ও এডভোকেট লুৎফুর রহমান ভূঁইয়া রুবেল। দুজনেরই বয়স ৪৬ বছর।
বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে।
পরে বিকেলে তাদের আদালতে হাজির করলে বিচারক মেহনাজ আফরোজ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাকুন্দিয়া থানার পুলিশ ভোর ৪টার দিকে কোদালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকার থামিয়ে তা তল্লাশি করে পুলিশ। গাড়িটিতে ছিলেন মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান ভূঁইয়া রুবেল এবং জেলা পরিষদের সাবেক সদস্য সানোয়ার হোসেন রুবেল। গাড়ি থেকে উদ্ধার করা হয় বিদেশি মদের বোতল। ঘটনাস্থলেই তারা আটক হন।
তাদের সঙ্গে থাকা চালক সাইমককেও (২৫) আটক করে থানায় নেওয়া হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
আদালতের জিআরও শাহাদত হোসেন জানান, আটক দুই আইনজীবীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা। এছাড়া সংঘর্ষ, মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা আরও কয়েকটি মামলা রয়েছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর এডভোকেট জালাল উদ্দিন। তিনি জানান, আটক আইনজীবীদের আদালতে তোলা হলে তারা জামিনের আবেদন করেননি। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

