আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোটের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ‘ফ্যাসিবাদী দল’ হিসেবে উল্লেখ করে এই নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয় নোটিশে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা মো. আনোয়ার হোসনের পক্ষে এই নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান। সোমবার ১৯ মে নোটিশটি পাঠানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এই নোটিশ পাঠানো হয়েছে। এতে জাতীয় পার্টিসহ মহাজোটভুক্ত সব দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের আহ্বান জানানো হয়।
এর আগে ১০ মে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আওয়ামী লীগ ও এর নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। একই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনীর প্রস্তাবও অনুমোদন করা হয়, যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থকদের শাস্তির আওতায় আনার বিধান রাখা হয়।
এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এই প্রেক্ষাপটে নতুন করে মহাজোটের অন্যান্য শরিক দলের বিরুদ্ধেও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে।

