ফৌজদারি মামলা পরিচালনার বিভিন্ন দিক ও প্রাসঙ্গিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা)। বুধবার (২১ মে) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এই ‘আইন লেকচার সেশন’-এ অংশ নেন দেশের অভিজ্ঞ আইনজীবী ও বিচারকগণ।
সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য, জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডুলার সভাপতি অ্যাডভোকেট আলী আহমেদ খোকন। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন ডুলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ড. শাহজাহান সাজু, সাবেক সভাপতি মনজুর মো. শাহনেওয়াজ টিপু এবং ডুলার সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ। এই সেশনে রাজধানীর বিভিন্ন আদালতে কর্মরত শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন, যারা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশ্নোত্তর পর্বে যুক্ত হন।
সেশনে বিচারপতি এস এম কুদ্দুস জামান বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আইনজীবীদের শুধু আদালতকেন্দ্রিক প্র্যাকটিসে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং নতুন নতুন কর্মক্ষেত্র তৈরির দিকে তাদের মনোযোগ দিতে হবে। তিনি বলেন, “উন্নত দেশগুলোতে কোনো ব্যক্তি জমি বা বাড়ি কিনতে গেলে তার জন্য আইনজীবী নিয়োগ বাধ্যতামূলক। আমাদের দেশেও এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যেখানে আইনজীবীদের ভূমিকা আরও বিস্তৃত হবে এবং জনগণও উপকৃত হবে।”
তিনি আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ৪২ লাখ মামলাজট রয়েছে। এই জট শুধুমাত্র আদালতের মাধ্যমে নিরসন সম্ভব নয়। তিনি বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির ওপর গুরুত্ব দিয়ে বলেন, “নেগোসিয়েশন, আরবিট্রেশন ও মেডিয়েশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে। আইনজীবী সমাজ এবং বার কাউন্সিলকে এই বিষয়ে নেতৃত্ব দিতে হবে। এতে বিচার ব্যবস্থার ওপর চাপ কমবে এবং বিচারপ্রার্থীরাও দ্রুত সমাধান পাবেন।”
প্রশিক্ষণ কর্মশালার বক্তারা মনে করেন, এমন আয়োজন শুধু তরুণ আইনজীবীদের দক্ষতা বাড়াতেই সহায়ক নয়, বরং বিচার ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের জন্যও তা গুরুত্বপূর্ণ। ডুলার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে, যাতে আইন পেশাকে আরও কার্যকর ও জনবান্ধব করা যায়।

