সাভারে রং মিস্ত্রি শাহীনকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যার ঘটনার প্রধান আসামি মো. মেহেদী হাসানকে (৬৪) অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৪। শুক্রবার (২৩ মে) সকালে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মেহেদী হাসান সাভার পৌরসভার ঘোষপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় জমি ক্রয়-বিক্রয়ের মধ্যস্থতাকারী ছিলেন। র্যাব সূত্রে জানা গেছে, নিহত শাহীন সাভারের তালবাগ এলাকায় বরুণ নামের এক ব্যক্তির মালিকানাধীন গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন।
গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জেরে গ্যারেজের সামনেই মেহেদী হাসান শাহীনকে মাথায় গুলি করে পালিয়ে যান। র্যাব জানিয়েছে, ঘটনার সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি চলছিল এবং একপর্যায়ে মেহেদী ক্ষুব্ধ হয়ে গুলি চালান।
এই ঘটনায় এখন পর্যন্ত অন্য কাউকে আটক করা হয়নি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব-৪।
এদিকে, স্থানীয়রা জানিয়েছেন, নিহত শাহীন একজন শান্ত ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

