সামাজিক মাধ্যমে বহুল আলোচিত চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের নামে পরিচালিত শত শত ভুয়া ফেসবুক আইডি ও অবৈধ বিজ্ঞাপন-প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার, ২৫ মে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তারিকুল ইসলাম এই রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। তিনি ডা. জাহাঙ্গীর কবিরের পক্ষে রিটটি দাখিল করেন।
রিট আবেদনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, জাতীয় ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ফেসবুক কর্তৃপক্ষ এবং ফেসবুকের বাংলাদেশের প্রতিনিধিকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২০ মে, সুপ্রিম কোর্টের একই আইনজীবী মো. তারিকুল ইসলাম রেজিস্ট্রি ডাক ও ই-মেইলের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং ফেসবুক কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ পাঠান। ওই নোটিশে উল্লেখ করা হয়, ডা. জাহাঙ্গীর কবিরের নামে পরিচালিত সকল ভুয়া ফেসবুক আইডি বন্ধ করতে হবে। একইসঙ্গে ডা. হুমায়ুন কবির নামের তার মূল ও ভেরিফায়েড ফেসবুক পেজটি পুনরায় চালুর দাবিও জানানো হয়।
নোটিশে আরও বলা হয়, ভুয়া আইডি, পেজ এবং প্রতারণামূলক বিজ্ঞাপন ও প্রচার বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
লিগ্যাল নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিষয়টি নিয়ে রিট আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, “ডা. জাহাঙ্গীর কবির একজন চিকিৎসক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার নাম ব্যবহার করে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা করছে, যা জনস্বার্থে অত্যন্ত উদ্বেগজনক।”
রিটের শুনানির জন্য উচ্চ আদালতের নির্ধারিত তারিখের অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি সামাজিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাইকোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারেন বলে প্রত্যাশা করছেন রিটকারী আইনজীবী।

