সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। বুধবার ২৭ মে তারিখে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৭ অনুযায়ী অতিরিক্ত বিচারক নিয়োগের প্রক্রিয়া পরিচালনার লক্ষ্যে সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল এরই মধ্যে সংশ্লিষ্ট সকল পর্যায়ে প্রাথমিকভাবে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন।
তবে বিচারক নিয়োগ প্রক্রিয়াকে আরও অধিকতর অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করার উদ্দেশ্যে কাউন্সিল সর্বসম্মতিক্রমে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আবারও নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, অধ্যাদেশের ধারা ৭ অনুযায়ী সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল অতিরিক্ত বিচারক পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে। সে উদ্দেশ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যাদি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করে নির্ধারিত ফরম পূরণ করে দরখাস্ত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে জমা দিতে হবে।
তবে যারা পূর্বে নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন, তাদের পুনরায় দরখাস্ত করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের বিধান রেখে গত ২১ জানুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশিত হয়। এই উদ্যোগ বিচারক নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

