ইলিশের নাম ভাঙিয়ে অনলাইনে অভিনব প্রতারণার অভিযোগে আট সদস্যের একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চাঁদপুরের ইলিশ’ বিক্রির নামে একাধিক পেইজ খুলে সাধারণ মানুষের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিচ্ছিল।
গ্রেফতারকৃতদের নাম- আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ (২৯), সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮) এবং শরিফুল ইসলাম (২১)।
চক্রটি ‘ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ’, ‘চাঁদপুর ইলিশ বাজার’, ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের ভুয়া ফেসবুক পেইজ তৈরি করে। এসব পেইজে চাঁদপুরের ইলিশের মনোহর ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়ে আগ্রহী ক্রেতাদের আকৃষ্ট করত। পরে অর্ডার নেওয়ার সময় অগ্রিম টাকা নেওয়া হলেও পণ্য সরবরাহ না করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।
সোমবার ও মঙ্গলবার (২৬ ও ২৭ মে ২০২৫) খুলনা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে গ্রেফতার করে ডিবির ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। অভিযানকালে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ২৫টি মোবাইল ফোন ও ৭০টি ভুয়া নিবন্ধিত সিমকার্ড জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, চক্রটি অল্পবয়সী সদস্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। তারা প্রতিনিয়ত ফেসবুকে নতুন নতুন পেইজ খুলে নানা প্রলোভনমূলক বিজ্ঞাপন দিত। অর্ডারপ্রাপ্তির পর তারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে অগ্রিম টাকা গ্রহণ করত। এরপর কোনো পণ্য সরবরাহ না করেই পেইজ বন্ধ করে দিত এবং সিম ফেলে দিত। এরপর অন্য নামে নতুন পেইজ খুলে আবার প্রতারণা শুরু করত।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে, কোনো অপরিচিত বা অস্বীকৃত পেইজ থেকে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অগ্রিম অর্থ প্রদানের আগে পেইজটির বিশ্বাসযোগ্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইন প্রতারণার এ ধরনের ঘটনা থেকে সুরক্ষার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত নজরদারি চালাচ্ছে বলেও জানানো হয়।

