রাজধানী ঢাকায় ট্রাফিক আইন ভাঙার অভিযোগে একদিনে রেকর্ডসংখ্যক ১,৬৮১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
গতকাল বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় ট্রাফিক আইন অমান্য করায় ১৮৩টি গাড়ি ডাম্পিং এবং ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে।
এছাড়াও যান চলাচলে শৃঙ্খলা আনতে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিশেষ করে অবৈধ পার্কিং, লাইসেন্সবিহীন চালক, রেজিস্ট্রেশনবিহীন যান, হেলমেট না পরা, নির্ধারিত লেনে না চলা- এইসব বিষয়গুলোয় কড়া নজরদারি চালানো হচ্ছে।
ডিএমপি নাগরিকদের উদ্দেশে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং রাজধানীর যানজট ও দুর্ঘটনা রোধে সব পক্ষকে সচেতন ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে।
ট্রাফিক আইন লঙ্ঘনে শুধু জরিমানা নয়, জননিরাপত্তাও হুমকির মুখে পড়ে- সেই বিবেচনায় সচেতন নাগরিক হিসেবে নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে ডিএমপি।

