রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব-৩। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় পরিচালিত অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাহাবুব হোসেন (৩৫), সাজিদুল হক সুমন (৪৬) ও মো. অসিন (৩৮)।
র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি আভিযানিক দল নিউ রসুলবাগ এলাকার আলহাজ্ব গ্রুপের টিনশেড ঘর লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই তিনজন কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, অবৈধভাবে অস্ত্রটি নিজেদের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। পরস্পর যোগসাজশে অবৈধ অস্ত্র হেফাজতে রাখা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
তারা আরো জানায়, গ্রেপ্তার মাহাবুব হোসেনের নামে খিলগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বাকি দুই আসামির অতীত কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের খিলগাঁও থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে থাকা পূর্বের অভিযোগপত্র ও মামলার তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় অবৈধ অস্ত্রসহ অপরাধীদের উপস্থিতি নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। র্যাবের এই অভিযান আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখলেও- অবৈধ অস্ত্র ও অপরাধ চক্রের বিরুদ্ধে আরো সুসংহত ও ধারাবাহিক অভিযান চালানোর দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

