সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১৬ টন ন্যায্যমূল্যের সরকারি চাল জব্দ করা হয়েছে। অভিযানে আটক করা হয়েছে ৮ জনকে।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে এই অভিযান চালানো হয়। পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর সিরাজগঞ্জ ক্যাম্প সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে গরিব মানুষের মাঝে সরবরাহের কথা ছিল এসব চাল। তবে সেগুলো গোপনে মজুত করা হয়। পরে বেশি দামে বিক্রির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী।
প্রথম অভিযান হয় সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া এলাকায়। সেখানকার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে জব্দ করা হয় ১০ টন চাল। যা প্রায় ৫০০ বস্তা। এসময় গুদামের মালিককেও আটক করা হয়।
এরপর দ্বিতীয় অভিযান চালানো হয় রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকায়। সেখান থেকে উদ্ধার করা হয় আরও ৬ টন চাল। এই অভিযানে আটক করা হয় সাতজনকে।
আটক ব্যক্তিরা হলেন মাহফুজ হোসেন (২৫), শাকিল হোসেন (২৮), রাজু সেখ (২৫), শরিফ হোসেন (৩৫), আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং সাইফুল ইসলাম (৩৫)। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানকালে সেনাবাহিনীর সঙ্গে ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য বিভাগের কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, কিছু অসাধু ডিলার ও মিল মালিক দীর্ঘদিন ধরে সরকারি চাল কালোবাজারে বিক্রি করে আসছিলেন। প্রশাসনের নজরদারি কম থাকায় এ ধরনের অনিয়ম চলছিল নিয়মিত।
তবে এই অভিযানের পর প্রশাসন জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ সরকারি সহায়তা নিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই চাল দরিদ্র মানুষের অধিকার। কোনোভাবেই এসব সহায়তা বাজারে চলে যেতে দেওয়া হবে না। অভিযানে জব্দ চাল সরকারি তত্ত্বাবধানে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

