শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। বর্তমানে তিনি শ্রীলঙ্কার নেগোম্বো শহরের একটি কারাগারে বন্দী অবস্থায় আছেন। আদালতে হাজিরা দিতে এসে বিবিসির কাছে তিনি তার বন্দিজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে তিনি মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান।
লি বলেন, তিনি এখন পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝেতে পাতলা গদি বিছিয়ে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়। এমন পরিবেশে দীর্ঘদিন থাকাটা শারীরিক ও মানসিকভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে বলে তিনি জানান।
চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর বিমানবন্দরে তাঁর লাগেজ তল্লাশি করে প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করার অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে বিবিসি জানিয়েছে।
সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। আদালত প্রাঙ্গণে বিবিসির সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি বলেন, “আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।” তিনি আরও বলেন, “এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে বন্দী রয়েছেন অথচ তাদের মামলার কোনো অগ্রগতি নেই।”
গ্রেপ্তারের পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তিনি মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানান। তবে কারাগারে ইংরেজিভাষী কিছু বন্দীর সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছে যা তাকে কিছুটা মানসিক সান্ত্বনা দিচ্ছে।
শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরে শার্লট লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এই সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।
আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে উদ্ধার করা গাঁজার প্যাকেটগুলো উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা আদালতে প্রশ্ন তোলেন, এসব মাদকদ্রব্য সরকার অনুমোদিত কোনো পরীক্ষাগারে যাচাই করা হয়েছে কি না। বিচারক দ্রুত এই দ্রব্য পরীক্ষার নির্দেশ দেন।
আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা অভিযুক্তদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানোর বিধান রয়েছে। লি বর্তমানে মাদক রাখার ও পাচারের অভিযোগে রিমান্ডে রয়েছেন এবং তাঁর পরবর্তী শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ১৩ জুলাই।
এদিকে অন্য একটি খবরে, শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে আজ থেকেই সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ার বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি বলেন, “এটা আরও দু’একদিন আগেই হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি। আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে। ইতোমধ্যে ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে আরও এক থেকে দেড়শ এমএমসিএফডি বাড়বে।”
এই ঘোষণায় দেশের শিল্প উদ্যোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং অনেক কারখানাকে ব্যয় সাশ্রয়ে কম কার্যক্রম পরিচালনা করতে হচ্ছিল। গ্যাস সরবরাহ বৃদ্ধি সেই চাপ কিছুটা লাঘব করবে বলে শিল্পমহলের অভিমত।

