আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।
তিনি বলেন, “ঈদের ১০ দিনের ছুটিকে সামনে রেখে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।”
চাঁদাবাজি বন্ধে সরকারের অবস্থান কঠোর জানিয়ে তিনি বলেন, “চাঁদাবাজি যে-ই করুক, দলীয় পরিচয় দেখে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
ফিটনেসবিহীন যান চলাচল এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধেও নেয়া হয়েছে কড়া পদক্ষেপ। উপদেষ্টা জানান, ঈদের সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করলে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “গত ঈদের মতো এবারো যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস, লঞ্চ ও ট্রেনে যেন যাত্রীরা নির্ধারিত ভাড়াই দেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
ভাড়া তদারকিতে একটি বিশেষ কমিটি গঠিত হচ্ছে, যাতে পরিবহন মালিক পক্ষ সম্মতি দিয়েছে।
ডাকাতি ও অপরাধ ঠেকাতে বাড়তি সতর্কতা হিসেবে যাত্রী ছদ্মবেশে কেউ যাতে বাসে ওঠে না, সেজন্য বাসে ওঠার সময় যাত্রীদের ছবি ধারণ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

