সাবেক ডিজেএফআই মহাপরিচালক মেজর জেনারেল সাইফুল আলম এবং তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা একাধিক স্থাবর সম্পত্তি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) ঢাকার মেট্রোপলিটন দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ প্রদান করেন।
জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ঢাকার আশুলিয়ায় অবস্থিত একটি নয়তলা ভবন, পল্লবীতে একটি ফ্ল্যাট এবং ২৩ শতাংশ জমি, যার মোট মূল্য প্রায় চার কোটি ৫২ লাখ টাকা বলে জানানো হয়েছে। একইসঙ্গে তাদের নামে থাকা তিনটি ব্যাংক হিসাবও আদালতের নির্দেশে অবরুদ্ধ করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির উপ-পরিচালক তাহাসীন মুনাবীল হক।
আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অব.) সাইফুল আলম এবং তার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের অনুসন্ধানে দুদক একটি তদন্ত টিম গঠন করেছে, যা বর্তমানে কাজ করছে। অনুসন্ধানের সময় দেখা যায়, অভিযুক্ত পরিবার ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর বা গোপন করার চেষ্টা করছে, যা তদন্ত কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
এছাড়া, অনুসন্ধানে আরো জানা যায়, অভিযুক্ত সাইফুল আলম তার নয়তলা বাড়ি এবং পল্লবীর ফ্ল্যাটটি ‘হেবা দলিলের’ মাধ্যমে তার স্ত্রী ও দুই মেয়ের নামে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার মাধ্যমে সম্পদ গোপনের অপচেষ্টা চালানো হয়েছে। এসব কারণেই, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ এবং অবরুদ্ধ করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধান শেষে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

